নগরের ওমরগণি এমইএস কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছুরিকাহত আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্র সংসদের বর্তমান সহসভাপতি (ভিপি) ওয়াসিম উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক (জিএস) হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর পক্ষের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। বাবর পক্ষের আহত ব্যক্তিরা হলেন গাজী সোহেল, আশরাফুল ইসলাম, বেলাল উদ্দিন, সাইমন, বাবলু ও মোরশেদ। তাঁদের মধ্যে গাজী সোহেল, আশরাফুল ইসলাম ও সাইমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকি ৎ সা নিয়েছেন। ওয়াসিম পক্ষের আহতদের মধ্যে শাহ ইমতিয়াজ ও ইউসুফ খানকে একটি বেসরকারি ক্লিনিকে চিকি ৎ সা দেওয়া হয়েছে।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, পুলিশ দেখে উভয় পক্ষই ক্যাম্পাস থেকে সটকে পড়ে। জানা যায়, কলেজের আধিপত্য নিয়ে কিছুদিন ধরে হেলাল আকবর চৌধুরীর সঙ্গে ওয়াসিম উদ্দিনের বিরোধ চলছে। সর্বশেষ গত বুধবার এ নিয়ে কলেজ ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গতকাল সকালে লাঠিসোঁটা ও ছুরি নিয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর আক্রমণ করে। ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল কিছু বহিরাগত কলেজ ক্যাম্পাস দখল করতে আসে। তখন কলেজের ছাত্ররা তাদের প্রতিরোধ করে। বহিরাগতদের আক্রমণে শাহ ইমতিয়াজ ও ইউসুফ খান নামের দুই ছাত্র আহত হয়েছেন। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে হেলাল আকবর চৌধুরীর দুটি মুঠোফোনই বন্ধ পাওয়া যায়। তবে তাঁর ঘনিষ্ঠ ও এমইএস কলেজ ছাত্র সংসদের সংস্কৃতিবিষয়ক সম্পাদক মনোয়ার আলম ওরফে নোবেল প্রথম আলোকে বলেন, ‘ওয়াসিম এমইএস কলেজ ছাত্রলীগকে কুক্ষিগত করে চাঁদাবাজি করতে চায়। ছাত্ররা এর প্রতিবাদ করলে তাদের ওপর ন্যক্কারজনকভাবে হামলা করা হয়।’ জানা যায়, চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী সাবেক ওয়ার্ড কমিশনার মামুনুর রশিদ একসময় ওমরগণি এমইএস কলেজ নিয়ন্ত্রণ করতেন। ২০০৪ সালে তিনি গ্রেপ্তার এড়াতে ভারতে পালিয়ে যান। এর পর থেকে এ কলেজের আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগে বিভিন্ন উপদলের সৃষ্টি হয়।