ব্যক্তিগত শত্রুতার জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে গত রোববার গভীর রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুই ছাত্র আহত হয়েছেন। আহত ছাত্ররা হলেন: ছাত্রলীগের সমর্থক ও বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার বিজ্ঞান বিভাগের মাস্টার্সের মেহিদী হাসান এবং ফলিত রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের তুষার কান্ত। গুরুতর আহতাবস্থায় তাঁদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকেরা তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পুলিশ ও হল সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে শহীদ জিয়াউর রহমান হলের টিভিরুমে অলিম্পিক খেলা দেখার সময় নিজের সমর্থিত দল ভালো খেলায় তুষার হাততালি দেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় ওই হলের ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য হারুন-আর-রশিদ বিষয়টি ভালো না লাগায় তুষারকে গালিগালাজ করেন। তুষার এর প্রতিবাদ করায় ওই নেতা তাঁকে বেদম মারধর করেন। এ ঘটনার জের ধরে রোববার দিবাগত রাত তিনটার দিকে তুষার ছাত্রলীগের পাঁচ-ছয়জন সমর্থককে সঙ্গে নিয়ে হলের ২২৮ থেকে ২৩৬ পর্যন্ত কক্ষের দরজা বাইরে থেকে আটকে দেন। এরপর হারুনের খোঁজে ২৩৪ নম্বর কক্ষে হামলা চালান। কিন্তু হারুনের রুমমেট মেহেদী হাসান বরিয়ে এলে তাঁকে রামদা দিয়ে কুপিয়ে তুষার পালিয়ে যান। পরে হারুনের নেতৃত্বে ১০-১৫ তুষারকে ধরে ব্যাপক মারধর করেন। মতিহার থানার ওসি আনিসুর রহমান জানান, তল্লাশি চালিয়ে হল থেকে হাঁসুয়া, হাতুড়ি, রডসহ কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘আমরা ২৩৪ ও ২৩৫ নম্বর কক্ষ সিলগালা করে দিয়েছি।’