ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গত রোববার রাতে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, কক্ষে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রাতেই বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার সন্ধ্যায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বাকৃবি ছাত্রলীগের সহযোগী সাংস্কৃতিক সংগঠন ‘শতাব্দী’ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে জেলার ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন এবং গত বছর ১৭ মার্চে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরকে মারধরের ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিনকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে জসিমকে আমন্ত্রণ জানানোকে কেন্দ্র করে উপস্থিত ছাত্রলীগের কর্মীরা বিভক্ত হয়ে পড়েন। পরে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী, ফজলুল হক ও শেখ মুজিব হলের সামনে এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ২০ জন আহত হন। তবে গুরুতর আহত আরিফ ও হাবিবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সংঘর্ষের সময় ফজলুল হক হলের ৩৩২, ২৩৩, ৩১১ নম্বর কক্ষ এবং বঙ্গবন্ধু হলের ৩৩৯ নম্বর কক্ষ ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতেই তিন হলে তল্লাশি চালিয়ে রামদা, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় তিনটি গুলি ছোড়া হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আবু হাদি নূর আলী খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।