ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪, পুলিশ মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গত মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয় বলে জানা গেছে। সংঘর্ষের পর রাতেই ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। ক্যাম্পাসে এমন ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার সাধারণ শিক্ষার্থীরা মিছিল করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিজ্ঞান ও কলা ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেন। ফলে গতকাল কোনো ক্লাস বা পরীক্ষা হয়নি। বিকেলে ক্যাম্পাসে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা।প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাসের বিভিন্ন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের নিয়ন্ত্রণ নিতে ছাত্রলীগের সমর্থক বলে পরিচিত কামরুজ্জামান ও সাব্বির হোসেনের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার রাত ১১টার দিকে কামরুজ্জামান ও সাব্বিরের পক্ষ পৃথকভাবে ক্যাম্পাসের ১ ও ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে সাব্বিরের পক্ষের ইব্রাহীম খলিল, আল-আমিন, তারেক মাহমুদ ও অপু আহমেদ আহত হন। তাঁদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে কামরুজ্জামান ও সাব্বিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। শনিবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।