পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজে গতকাল রোববার দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহত ছাত্ররা হলেন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক, ব্যায়ামাগার সম্পাদক মো. রিপন, সদস্য মো. মিশু ও অনিক। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিকের সঙ্গে সদস্য অনিকের বিরোধ চলছিল। এরই জের ধরে গতকাল দুপুর দুইটার দিকে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। একপর্যায়ে একে অপরের ওপর আক্রমণ করলে সংঘর্ষ বাধে। সদর থানার উপপরিদর্শক নূরে আলম বলেন, সংঘর্ষের ঘটনাটি সঠিক। তবে কী কারণে ঘটেছে, তা জানা যায়নি। কলেজ ছাত্র সংসদের সহসভাপতি মো. মোরশেদ আলী বলেন, ছাত্রলীগের মধ্যে কোনো সংঘর্ষ হয়নি। বহিরাগত কিছু সন্ত্রাসী এসে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা করায় চারজন আহত হয়েছেন। কলেজের অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম বলেন, ‘মারামারির ঘটনা কলেজে প্রায়ই ঘটে। কিন্তু কেন বা কারা ঘটায়, তা আমরা বুঝে উঠতে পারি না।’