ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ শিক্ষার্থীদের মারধরের জের ধরে গত শুক্রবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ছয়জন কর্মী আহত হয়েছেন।আহত কর্মীদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রসহ নগরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সংঘর্ষে জড়িত অভিযোগে পুলিশ ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দলীয় টেন্টে (নেতা-কর্মীদের বসার নির্দিষ্ট স্থান) সৈয়দপুর থানা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভা চলছিল। এ সময় ছাত্রলীগের পলাশ, তপু, পারভেজসহ সাত-আটজন কর্মী সভাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে তাঁরা সভাকারীদের নামপরিচয় জানতে চান। সভাকারীরা জানান, তাঁরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। ছাত্রলীগের কর্মী পলাশ তাঁদের ছাত্রদলের টেন্টে বসার কারণ জানতে চান। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বাগিবতণ্ডা হয় এবং একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে ছাত্রলীগের কর্মী তাকিম এগিয়ে এলে পলাশের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। এ সময় পলাশের সঙ্গে থাকা ছাত্রলীগের কর্মীরা তাকিমকে পেটান। এ খবর জানাজানি হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা পলাশ ও তাকিমের পক্ষে-বিপক্ষে ভাগ হন। উভয়পক্ষের নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নেন এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পলাশ, তপু, তাকিম, সালাম, নোমান ও দেব আহত হন।খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আনন্দ কুমার সাহা, সহকারী প্রক্টর মুসতাক আহমেদ, তারেক নুর, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আয়েন উদ্দীন, ছাত্রলীগের বর্তমান সভাপতি আহমেদ আলী ও সাধারণ সম্পাদক আবু হুসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মতিহার থানার পুলিশ সদস্যরা বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন থেকে পলাশকে আটক করেন।বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা জানান, ক্যাম্পাসের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ কেউ বিঘ্নিত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।