ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের কর্মীদের মধ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। তাঁরা হলেন আরিফ, জুয়েল, সৌরভ, নয়ন, বিল, রতন ও জাবেদ হোসেন। তাঁদের রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্রে চিকিত্সা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাবেদ হোসেন গতকাল দুপুর একটার দিকে রবীন্দ্র ভবনে পরীক্ষা দিতে আসেন। তখন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবিরের সমর্থকেরা তাঁকে ছাত্রশিবির কর্মী সন্দেহে মারধর করেন। এর জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে গোটা ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বলেন, বিনা উসকানিতে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। সভাপতি আওয়াল কবির বলেন, সাধারণ কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। তা সমাধানের চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিকেলে বলেন, এখন ক্যাম্পাস শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন খান জানান, বঙ্গবন্ধু হলে তল্লাশি চালিয়ে কোনো অস্ত্র পাওয়া যায়নি। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি।