ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজে গতকাল সোমবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত নয়জন আহত হয়েছে। পরে পটিয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরীর নেতৃত্বাধীন ছাত্রলীগ নেতা শরাফত আহমেদ এবং পটিয়া পৌর আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা সম্পাদক গোফরান রানার নেতৃত্বাধীন ইকবালুর রহমান পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ সূত্র জানায়, গতকাল বেলা ১১টায় ছাত্রলীগের শরাফত পক্ষ কলেজে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল বের করে। মিছিল এগিয়ে যাওয়ার সময় ইকবালুর রহমান পক্ষের কয়েকজন সামনে পড়ায় দুই পক্ষের মধ্যেই উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষও হয়। ছাত্রলীগের উত্তেজিত কর্মীরা কলেজের দুটি কক্ষে ভাঙচুর চালান। কলেজ ছাত্রলীগের সভাপতি ইকবালুর বলেন, ‘আমাদের সমর্থক রবিউল হোসেন কলেজে সেশন ফি জমা দিতে যান। এ সময় শরাফত পক্ষের নেতা-কর্মীরা রবিউলসহ তাঁর সঙ্গে থাকা চারজনকে মারধর করে।’ এদিকে ছাত্রলীগের নেতা শরাফত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মিছিল করার সময় ইকবালুর পক্ষই আমাদের ওপর হামলা করে।’ শরাফতের দাবি, এ সময় তাঁদের পাঁচ নেতা-কর্মী আহত হন। অধ্যক্ষ এ এন ইউসুফ চৌধুরী বলেন, কে কোন পক্ষ জানি না। তবে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে।