
কথা-কাটাকাটির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুইটা পর্যন্ত চলা এ সংঘর্ষের সময় উভয় পক্ষের নেতা-কর্মীদের হাতে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধারালো অস্ত্র দেখা যায়।
সংঘর্ষের সময় দেড় ঘণ্টা মূল ফটকে তালা ঝুলিয়ে রাখার পাশাপাশি এক ঘণ্টারও বেশি সময় শাটল ট্রেন আটকে রাখেন ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে ষোলোশহর রেলস্টেশনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ‘কনকর্ড’ ও ‘ভিএক্স’ পক্ষের কনিষ্ঠ কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে ওই রাতেই জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে বিষয়টি মিটমাট হয়ে যায়।
কিন্তু আজ মঙ্গলবার নগর থেকে ক্যাম্পাসমুখী সকাল সাড়ে ১০টার ট্রেনটি ক্যাম্পাসে পৌঁছালে ‘ভিএক্স’ পক্ষের কর্মীরা ‘কনকর্ড’ পক্ষের নেতা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক একরামুল করিম চৌধুরী, সহসম্পাদক আনোয়ারুল আলম এবং ‘একাকার’ পক্ষের নেতা ও পরিবেশবিষয়ক সম্পাদক মুজিবুর রহমানের ওপর হামলা চালান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। বিষয়টি ছড়িয়ে পড়লে উভয় পক্ষের নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের নেতা-কর্মীদের হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখা গেছে। সংঘর্ষের একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে ‘কনকর্ড’ ও ‘একাকার’ পক্ষের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেন এবং শাটল ট্রেন আটকে রাখেন।
অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. শহীদুল্লাহ ও হাটহাজারী সার্কেলের এএসপি আ ফ ম নিজাম উদ্দীনের নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে উভয় পক্ষের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বেলা দুইটার দিকে মূল ফটকের তালা খুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া আড়াইটার নগরমুখী ট্রেনটিও বেলা সাড়ে তিনটার দিকে ক্যাম্পাস ছাড়ে।
এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। ‘ভিএক্স’ পক্ষের নেতা-কর্মীরা শাহজালাল আবাসিক ছাত্রাবাসের ভেতরে এবং ‘একাকার’ ও ‘কনকর্ড’ পক্ষের নেতা-কর্মীরা রেলস্টেশন চত্বরে অবস্থান নেন। ঘটনার জন্য পরস্পরকে দায়ী করছে উভয় পক্ষই।
সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার
ঘটনার একপর্যায়ে বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বেশ কয়েকজন সাংবাদিক শাহজালাল আবাসিক ছাত্রাবাসের সামনে গেলে সেখানে অবস্থানরত ‘ভিএক্স’ পক্ষের নেতা-কর্মীরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে তাঁদের দিকে তেড়ে আসেন। এ সময় পুলিশ ছাত্রলীগের উচ্ছৃঙ্খল নেতা-কর্মীদের নিবৃত্ত করে সাংবাদিকদের নিরাপদ দূরত্বে নিয়ে যায়।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মামুনুল হক বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার অত্যন্ত দুঃখজনক। যারা এ ধরনের আচরণ করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। ছাত্রলীগে বগিভিত্তিক সংগঠনের কোনো অস্তিত্ব নেই।’
অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. শহীদুল্লাহ বলেন, ‘একটি ছাত্রসংগঠনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত আছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, এ ধরনের অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করা হবে।