ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের কমিটিকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় একটি হোটেলও ভাঙচুর করা হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হাতীবান্ধার কয়েকটি ইউনিয়ন ও বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকেরা উপজেলা ছাত্রলীগ কমিটির বৈধতা নিয়ে গতকাল দুপুর ১২টার দিকে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে গড্ডিমারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশেদুজ্জামান রানা উপজেলা ছাত্রলীগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনার পাশাপাশি তাঁদের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ ঘোষণা করেন। পরে তাঁরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন। এ মিছিলটি উপজেলার আমতলা বাজার এলাকায় গেলে উপজেলা ছাত্রলীগ কমিটির নেতা-কর্মীদের সঙ্গে প্রথমে ধাওয়া-পাল্টাধাওয়া ও পরে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। এ সময় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমেল খন্দকারের পরিবারের মালিকানাধীন নিউ মিঠু হোটেল ভাঙচুর করা হয়।