ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৪
ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায় শনিবার সন্ধ্যায় ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া যায়। সংঘর্ষে হাবিলদার শহিদুল ইসলাম, কনস্টেবল নওশের আহমেদসহ চারজন আহত হয়েছেন।পুলিশ ও দলীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জের ধরে সন্ধ্যা সাতটার দিকে জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি মাহমুদুল হক ভূইয়ার পক্ষের কর্মী তুলিপকে সদর হাসপাতালের সামনে থেকে ধরে পুরোনো বেবিস্ট্যান্ড এলাকায় নিয়ে মারধর করে আটক রাখে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা।খবর পেয়ে মাহমুদুল হক ভূইয়া লোকজন নিয়ে তুলিপকে উদ্ধার করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েকটি ককটেল ও হাতবোমা বিস্ফোরিত হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, দুই পক্ষের সংঘর্ষের সময় বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টার বিঁধে ওই দুজন পুলিশ আহত হয়েছে।