ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। হল, পুলিশ ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, মাদার বখশ হলের ছাত্র ও ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আওয়াল কবিরের পক্ষের কর্মী দেলোয়ার হোসেনসহ ছাত্রলীগের সাত-আটজন কর্মী হলের ক্যান্টিন ব্যবস্থাপক শাহ আলমকে সোমবার দুপুরে হলের একটি কক্ষে ডেকে নিয়ে যান। তাঁরা ‘ছাত্রলীগের কোনো কর্মী বা হলের কোনো ছাত্র ক্যান্টিনে ফাও খায় কি না—এ বিষয়ে তাঁর কাছে জানতে চান। কেউ ক্যান্টিনে ফাও খান না বলে ক্যান্টিন ব্যবস্থাপক তাঁদের জানানোর সঙ্গে সঙ্গে তাঁরা তাঁকে মারধর করেন। বিষয়টি ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামের পক্ষের কর্মীরা জানতে পারেন। পরে বিষয়টির সমাধানের জন্য উভয় পক্ষের নেতা-কর্মীরা সোমবার রাতে মাদার বখশ হলে সমঝোতা বৈঠকে বসেন। বৈঠকে রাত ১২টার দিকে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে সাধারণ সম্পাদকের পক্ষের কর্মী ও সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্র তোফাজ্জল হোসেন আহত হন। তোফাজ্জল আহত হওয়ার খবর পেয়ে সোহরাওয়ার্দী হলের ছাত্রলীগ কর্মী গোলাপ ও মেহেদী হাসানের নেতৃত্বে ছাত্রলীগের ২০-২৫ জন কর্মী মাদার বখশ হলে এসে সভাপতির পক্ষের নেতা-কর্মীদের ওপর রড, হকিস্টিক, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে সভাপতির পক্ষের কর্মী দেলোয়ার হোসেন, নাসির হোসেন ও মনিরুল ইসলাম আহত হন। সংঘর্ষ চলাকালে এক পুলিশ কনস্টেবল আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে নাসির হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি কর্মীদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করানো হয়েছে। রাত একটার দিকে বিভিন্ন হল থেকে ছাত্রলীগের উভয় পক্ষের নেতা-কর্মীরা সশস্ত্র অবস্থায় এসে মাদার বখশ হলে অবস্থান নেন। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা হয়। ক্যান্টিন ব্যবস্থাপক শাহ আলম বলেন, ‘আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই বিনা কারণে মারধর করা হয়েছে।’এ ব্যাপারে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আওয়াল কবির ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বলেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সবাইকে নিয়ে সমঝোতা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।