ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে (বিআইএমটি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার ১৩ জনকে আসামি করে মামলা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার এবং ছাত্রাবাসে আসন বরাদ্দ নিয়ে ছাত্রলীগের তাহের-সাইফুল ও রাসেল গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার রাতে ছাত্রাবাসের আসন দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে তাহের, লালন, সাইফুল, সানি, মশিউর, জিয়াউদ্দিন, সজীব, তারিক, ফয়সাল, মেয়াজ ও তরিকুল আহত হয়। আহত ছাত্রদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।