ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গত সোমবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ছাত্রলীগের নেতা আলী মূর্তজা ওরফে খসরুর পক্ষের কর্মী মো. সাদ্দামের সঙ্গে ছাত্রলীগের নেতা মো. জাহাঙ্গীরের পক্ষের কর্মী জীবনের হাতাহাতি হয়। এর জের ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে খসরু ও জাহাঙ্গীরের পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে জাহাঙ্গীরের পক্ষ হল ছেড়ে চলে যায়। খসরুর পক্ষের কর্মীরা হলের প্রধান ফটকে তালা দিয়ে ভেতরে অবস্থান নেন। দুপুর ১২টার দিকে ছাত্রলীগের আরও কয়েকটি পক্ষ জাহাঙ্গীরের কর্মীদের সঙ্গে যোগ দিয়ে হলে হামলা চালায়। এ সময় দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকায় আমরা তাদের (খসরুর পক্ষ) ক্যাম্পাস থেকে বের করে দিয়েছি।’আলী মূর্তজা বলেন, ‘বহিরাগতদের নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়েছে।’ প্রক্টর মাহবুবুল আরেফিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।