বগুড়া সরকারি আযিযুল হক কলেজে ছাত্র-লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সংগঠনের দুই কর্মীকে সাময়িক বহিষ্কার ও ছয়জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত রোববার সংগঠনের জেলা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। একই ঘটনায় পুলিশ আরও দুজনকে আটক করেছে।কলেজের মেয়াদোত্তীর্ণ কমিটির আহ্বায়ক মাহমুদুন্নবী রাসেল ও যুগ্ম আহ্বায়ক কামরুল হুদার সমর্থকদের মধ্যে গত রোববার সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ছয়জন আহত হন। এ ঘটনার পর রাতে সংগঠনের জেলা কার্যালয়ে জরুরি বৈঠক হয়।জেলা ছাত্রলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গোলাপ হোসেন ও আসলাম মিয়াকে সাময়িক বহিষ্কার ও ছয়জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। বৈঠকে দুই পক্ষের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিষয়টি মীমাংসা হয়েছে বলে মামলা করা হয়নি।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, গত রোববার রাতে শহরের জহুরুল নগর থেকে রাসেল মাহমুদ ও এমদাদুল হক নামের ছাত্রলীগের আরও দুই কর্মীকে আটক করা হয়েছে। তবে কোনো পক্ষ মামলা করেনি।