ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা
ফেনীর দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এদিকে পুলিশ দুই পক্ষের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, একটি মামলা করেছেন উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি আবু নাছের চৌধুরী ওরফে আসিফ। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে মোট ৭০ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক একরাম উল্যার পক্ষের কোরবান আলী নামের এক ব্যক্তি আসিফসহ অন্য কয়েকজনকে আসামি করে থানায় আরেকটি মামলা করেন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে আসিফের পক্ষের কর্মী হিমেল এবং একরাম উল্যার পক্ষের কর্মী মঞ্জুকে গ্রেপ্তার করে।
গত শুক্রবার ফেনী জেলা ছাত্রলীগ আবু নাছের চৌধুরী আসিফকে সভাপতি ও রবিউল হাসান রাকিবকে সাধারণ সম্পাদক করে দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে। নতুন কমিটিতে পছন্দের পদ না পেয়ে ক্ষুব্ধ হন সাবেক আহ্বায়ক একরাম উল্যা ও তাঁর সমর্থকেরা। নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল মামলা দায়ের ও দুজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।