বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সমাবেশে হামলার অভিযোগে ছাত্রলীগের জেলা কমিটি বাতিল হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রলীগের সিলেটের নেতা-কর্মী ও সমর্থকেরা।
কমিটি বাতিল হওয়ার কারণ হিসেবে ছাত্রলীগের সিলেটের নেতা-কর্মীরা দুই বছর আগে সংগঠনের বরখাস্ত হওয়া সভাপতি পংকজ পুরকায়স্থ ও সদ্য বাতিল হওয়া কমিটির সভাপতি হিরণ মাহমুদকে দায়ী করেছেন। সদ্য বাতিল হওয়া কমিটির এক নেতা আক্ষেপ, দুই সভাপতির (বরখাস্ত ও বাতিল) ভুল নেতৃত্বের মাশুল দিতে হলো পুরো কমিটিকে।
সংগঠন সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৯ জুলাই কেন্দ্র থেকে ছাত্রলীগের সিলেট জেলা শাখার ১০১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে সিলেট মহানগর কমিটিও ঘোষিত হয়। মহানগর কমিটি ছাপিয়ে জেলা কমিটির আধিপত্য বিস্তার নিয়ে গত দুই বছরে একের পর এক ঘটনা ঘটে। ২০১২ সালের ৮ জুলাই সিলেট এমসি কলেজে ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। এ সময় শিবিরকে ক্যাম্পাসছাড়া করতে এমসি কলেজের ছাত্রাবাসের ৪২টি কক্ষ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় নেতৃত্ব দেন ছাত্রলীগের তৎকালীন সভাপতি পংকজ পুরকায়স্থ।
এ ঘটনার রেশ কাটতে না-কাটতেই গত ২০ জানুয়ারি এমসি কলেজে শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের উন্নয়নকাজ থেকে মোটা অঙ্কের চাঁদা নিতে প্রকৌশলীকে লাঞ্ছিত করেন পংকজ পুরকায়স্থ। এ ঘটনার পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তদন্ত করে সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁকে সভাপতি পদ থেকে বরখাস্ত করে। কেন্দ্রীয় সিদ্ধান্তেই ছাত্রলীগের জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি হিরণ মাহমুদ তখন সভাপতি হন।
দলীয় নেতা-কর্মী সূত্রে জানা যায়, নতুন সভাপতি হিরণ মাহমুদ তখন থেকে বরখাস্ত হওয়া পংকজ পক্ষকে দমন করতে এমসি কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারে তৎপরতা শুরু করেন। গত ১৯ মে এমসি কলেজ ক্যাম্পাসে হিরণ মাহমুদ ও পংকজ পুরকায়স্থের পক্ষের মধ্যে অস্ত্রের মহড়া হয়। পরদিন সংবাদপত্রে অবৈধ অস্ত্রের ছবিসংবলিত প্রতিবেদন প্রকাশ হলে অস্ত্রধারী একজনকে গ্রেপ্তার করে পুলিশ। হিরণ মাহমুদের নেতৃত্বে অবৈধ অস্ত্রধারীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সিলেট সফর সামনে রেখে গত রোববার ছাত্রলীগের জেলা শাখা একটি ‘আনন্দ মিছিল’ করে। সেই মিছিলের সামনের সারিতে ছিলেন হিরণ। মিছিলে থাকা কয়েকজন ছাত্রলীগের নেতা প্রথম আলোকে জানান, মিছিলের অগ্রভাগ থেকে সিপিবি-বাসদের সমাবেশে হামলা হয়। এ হামলায় তাঁর নেতৃত্ব দেওয়ার বিষয়টিও আলোচনায় আসে।
বাতিল হওয়া ছাত্রলীগের জেলা শাখার সম্পাদক পদে থাকা একজন নেতা বলেন, ‘ওই দিন সমাবেশ মঞ্চে উঠে হিরণ সিপিবির কেন্দ্রীয় নেতাদের সামনে গিয়ে ধমকের সুরে বলেছিলেন—চিনেন আমি কে?... এ ঘটনার ঘণ্টা খানেক পর রাতে কমিটি বাতিলের ঘোষণা আসে।’ কমিটি বাতিলের পর প্রতিক্রিয়ায় সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘একজনের কারণেই (সভাপতি) আজ কমিটি বাতিল হয়ে গেল।’ তবে হিরণ মাহমুদের প্রতিক্রিয়া জানতে গতকাল মঙ্গলবার একাধিকবার তাঁর মুঠোফোনে চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। যোগাযোগ করলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মিসবাহউদ্দিন সিরাজ প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর শেষে বিষয়টি খতিয়ে দেখব।’
আওয়ামী লীগের দুঃখ প্রকাশ: সমাবেশ মঞ্চে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, জেলার সভাপতি আবদুজ জহির চৌধুরী, সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরীসহ কয়েকজন নেতা বাম নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে দুঃখ প্রকাশ করেন। গতকাল দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।