ছাত্রলীগের দুজনকে গ্রেপ্তারের পর থানায় হামলা, পুলিশের গুলি
চুয়াডাঙ্গায় খালিদ মাহমুদ ও আসাদ নামের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তারের পর গত বৃহস্পতিবার রাতে তাঁদের ছাড়িয়ে নিতে ছাত্রলীগ সদর থানা ও পুলিশের ওপর হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচটি রাবার বুলেট ছুড়েছে।
তবে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার অভিযোগ করে বলেছেন, পুলিশ সুপার মো. রশীদুল হাসান বিশেষ মহলের পক্ষ নিয়ে চুয়াডাঙ্গাকে অশান্ত করার পরিকল্পনা করছেন। গতকাল শুক্রবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে হুইপ এ অভিযোগ করেন। বৃহস্পতিবার রাতের ঘটনা নিয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের সদস্যরা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে বাবুল হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জেলা ছাত্রলীগের সদস্য খালিদ ও কর্মী আসাদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁদের থানাহাজতে রাখা হয়। দুজনকে গ্রেপ্তারের খবরে ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা বড় বাজার শহীদ হাসান চত্বরসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ভাঙচুর চালান। মিছিলকারীরা একপর্যায়ে থানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় সংঘর্ষ বাধে।
পুলিশের দাবি, ছাত্রলীগের মিছিল থেকে থানায় ককটেল ও ইট নিক্ষেপ করা হয়। এ সময় থানার বাইরেও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। একপর্যায়ে পুলিশ পাঁচটি রাবার বুলেট ছোড়ে।
পুলিশের গুলিবর্ষণের পরপরই হুইপ সোলায়মান ও তাঁর সহোদর পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা থানায় ছুটে যান। খবর পেয়ে পুলিশ সুপার রশীদুলও সেখানে যান। সেখানে উভয় পক্ষের মধ্যে বৈঠক হয়। গুলিবর্ষণের বিষয়ে হুইপ পুলিশ সুপারের কাছে ব্যাখ্যা চান। পুলিশ সুপার বিষয়টি তদন্তের পর তাঁকে (হুইপকে) জানানোর কথা বলেন।
পরে রাত সোয়া ১১টায় পুলিশ সুপার রশীদুল হাসান সদর থানা চত্বরে সাংবাদিকদের বলেন, খালিদের বিরুদ্ধে সদর থানাতেই পাঁচটি মামলা রয়েছে। আসাদের বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে, তা পরে জানানো হবে। তাঁদের গ্রেপ্তারের পর ছাত্রলীগ থানায় আক্রমণ করে। নিরাপত্তার স্বার্থে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।
হুইপ সোলায়মান গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘বৃহস্পতিবার রাতে খালিদ ও আসাদ নামে জেলা ছাত্রলীগের দুজন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। খবর পেয়ে ছাত্রলীগের পক্ষ থেকে ২০-২৫ জন থানায় গিয়ে তাঁদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে পুলিশ তা অস্বীকার করে।