ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষের আশঙ্কায় ফুলছড়িতে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনকে কেন্দ্র করে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বর এলাকায় স্থানীয় ছাত্রলীগের দুই পক্ষ একই সময়ে শোকসভা ডাকায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় এ শোকসভা ডাকে উপজেলা ছাত্রলীগ ও উপজেলার উদাখালী ইউনিয়ন ছাত্রলীগ। এতে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে শোকসভা আহ্বান করে উপজেলা ছাত্রলীগ। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা যথাক্রমে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম পারভেজ ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাহমিদুর রহমানের।
একই সময় একই স্থানে উপজেলার উদাখালী ইউনিয়ন ছাত্রলীগও শোকসভা আহ্বান করে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফুলছড়ির ইউএনও আবদুল আউয়াল উপজেলা পরিষদ চত্বরসহ আশপাশের ১ হাজার ৭০০ গজ এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। এ সময়ে ওই এলাকায় সব ধরনের সভা, সমাবেশ ও র্যা লি নিষিদ্ধ করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, উপজেলা পরিষদ চত্বরে শোকসভা করার জন্য কয়েক দিন ধরে প্রচার চালানো হচ্ছে। তারপরও উদাখালী ইউনিয়ন ছাত্রলীগ একই স্থানে একই সময়ে সভা ডাকে।
এদিকে উদাখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজল মিয়া দাবি করেন, ‘আমরা আগে শোকসভা করার জন্য উপজেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছি। অথচ উপজেলা ছাত্রলীগ অনুমতি না নিয়েই সভা আহ্বান করে।’