ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আনোয়ারুল হককে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পরেশ চন্দ্র বর্মন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ডকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সহসভাপতি পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়।