ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আজ শুক্রবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আনোয়ারুল হকের নেতৃত্বে এই কমিটির অন্য সদস্যরা হলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পরেশ চন্দ্র বর্মণ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ডকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সহসভাপতি পক্ষের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়।