ছাত্রলীগের দ্বন্দ্বে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে প্রাণ গেল এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাঈমুল ইসলাম ওরফে রিয়াদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রকাশ্যে এ ঘটনা ঘটে।
এ হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি বৈঠকে বসে৷ ওই বৈঠকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। গতকাল রাত আটটার মধ্যে ছাত্রদের এবং আজ মঙ্গলবার সকাল নয়টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষক ইকবাল কবির জাহিদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম শামীম হাসান।
নিহত নাঈমুল ঢাকার সেগুনবাগিচা এলাকার ব্যবসায়ী তাজুল ইসলামের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি সঞ্জয় ব্যানার্জির অনুসারী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন নাঈমুল। হঠাৎ তিনটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় নাঈমুলের বন্ধু জেলাল হোসেন ওরফে জুয়েল হামলাকারীদের হাত-পা জড়িয়ে ধরলে তাঁর ওপরও চড়াও হয় দুর্বৃত্তরা। একপর্যায়ে নাঈমুল নিস্তেজ হয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা নাঈমুলকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, নাঈমুলকে মৃত ঘোষণার পর হাসপাতাল চত্বরে মাতম শুরু হয়। তাঁর বন্ধুরা কান্নায় ভেঙে পড়েন। অচেতন হয়ে পড়েন কেউ কেউ। একজন আহাজারি করতে করতে বলতে থাকেন, ‘আমার বন্ধু ছাত্রলীগের রাজনীতির বলি হলো।’
বিভিন্ন সূত্রে জানা গেছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি অনুযায়ী এখানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলেও গত ১৪ মে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সুব্রত বিশ্বাসকে সভাপতি ও শামীম হাসানকে সাধারণ সম্পাদক করে ৫৪ সদস্যের একটি কমিটি ঘোষণা করে। এর মধ্যে ওই সময় কমিটির মাত্র ২৬ জন সদস্যের নাম প্রকাশ করা হয়।
নাঈমুলের সহপাঠী ও অন্য ছাত্রদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই কমিটির বিরুদ্ধে জ্যেষ্ঠ সহসভাপতি সঞ্জয় ব্যানার্জির নেতৃত্বে বড় একটা অংশ অবস্থান নেয়। কমিটির প্রকাশিত ২৬ জনের মধ্যে ১৭ জনই সম্প্রতি যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন। গত রোববার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত ইফতার পার্টিতে সঞ্জয় ব্যানার্জি ও তাঁর অনুসারীরা অংশ নেননি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদার ওই ইফতার অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।
নাঈমুলের সহপাঠী ও বন্ধুরা অভিযোগ করেন, ইফতার পার্টিতে না থাকায় শামীমের অনুসারীরা ক্ষুব্ধ হয়ে সঞ্জয় ব্যানার্জির অনুসারীদের হুমকি দিতে থাকেন। শামীমের ভাগনে ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র তানভীর একই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাঈমুলের বন্ধু বাদলকে মারধর করেন। এ ঘটনার পর নাঈমুল তানভীরকে ডেকে পাঠান। এতে ক্ষুব্ধ হয়ে শামীম গতকাল দুপুরে নাঈমুলের কাছে কৈফিয়ত চান। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শামীম নাঈমুলের লাশ ফেলার হুমকি দেন।
তবে এই অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের নেতা শামীম প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। আমি কাউকে হুমকি দিইনি। মূলত ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি ধ্বংস করার জন্য সুপরিকল্পিতভাবে এমন একজনকে হত্যা করা হয়েছে, যে ছাত্রলীগের সদস্য না, কর্মীও না।’
এসব ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। রোববার ছাত্রলীগের ইফতার মাহফিলের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।’