ছাত্রলীগের দ্বন্দ্বে বন্ধ কুমিল্লা মেডিকেল কলেজ খোলার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কুমিল্লা মেডিকেল কলেজ ৩১ ডিসেম্বর খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই দিন সকাল আটটার মধ্যে কলেজের সব ছাত্রাবাস খুলে দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একাডেমিক কাউন্সিলের সভাপতি ও মেডিকেল কলেজের অধ্যক্ষ মহসিন উজ জামান চৌধুরীর সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে অধ্যক্ষ মহসিন উজ জামান চৌধুরী বলেন, দুই পক্ষের সমঝোতা হওয়ায় ও পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় ৩১ ডিসেম্বর কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বুধবার সকালে ও আগের দিন মধ্যরাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ছাত্রাবাসের একাধিক কক্ষ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল অনির্দিষ্টকালের জন্য মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করে একাডেমিক কাউন্সিল। তবে কর্তৃপক্ষ জানিয়েছিল, কলেজ বন্ধ হলেও পূর্বনির্ধারিত পরীক্ষা চলবে।