ছাত্রলীগের দ্বন্দ্বের জের সংঘর্ষে আ.লীগ নেতাসহ আহত ২১
রাজশাহীর বাঘায় ছাত্রলীগের দুই পক্ষের দ্বন্দ্বের জেরে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের এক নেতাসহ ২১ জন আহত হয়েছেন। গত মঙ্গল ও গতকাল বুধবার উপজেলা সদরের কয়েকটি স্থানে এ ঘটনা ঘটে।মঙ্গলবারের ঘটনায় বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুনুর রহমানের ভাই মোস্তফা, ছাত্রলীগের কর্মী জাকির, কলেজশিক্ষক সানোয়ার হোসেনসহ ছয়জন আহত হন। দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টায় বাঘা উপজেলা সদরের শাহদৌলা ডিগ্রি কলেজের চত্বরে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লায়েব উদ্দিনের অনুসারী ছাত্রলীগের কর্মীদের সঙ্গে বাঘা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলীর অনুসারী ছাত্রলীগের কর্মী জাকির হোসেনের বচসা হয়। একপর্যায়ে লায়েব উদ্দিনের অনুসারীরা জাকির হোসেনকে মারধর করেন। এ ঘটনার জেরে জাকির হোসেন তাঁর পক্ষের লোকজন নিয়ে বাঘা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ভাই মোস্তফা ও উজ্জ্বল (২০) নামের এক তরুণকে মারধর করেন।বেলা দেড়টায় উপজেলা রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে আক্কাস আলীর অনুসারীরা কলেজশিক্ষক সানোয়ার হোসেনের ওপর হামলা চালান। বেলা আড়াইটায় তাঁরা বাঘা উচ্চবিদ্যালয়ের সামনে মোজাম্মেল হক ও তাঁর সহযোগী আমজাদ হোসেনের ওপর হামলা চালান।গতকাল লায়েব উদ্দিনের অনুসারী ও মেয়র আক্কাস আলীর অনুসারীদের মধ্যে বাঘা বাসস্ট্যান্ড এলাকায় নতুন করে সংঘর্ষের সূত্রপাত হয়। সেখানে গেলে মেয়রের অনুসারী উপজেলা যুবলীগের সভাপতি বাবুল ইসলাম প্রতিপক্ষের হামলায় আহত হন। এ সময় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আক্কাসের অনুসারী বাবুল ইসলাম, বিদ্যুৎ ও ছোট সুমন; লায়েব উদ্দিনের অনুসারী শিমুল সরকার, রাকিব, নুরুন্নবী সরকার, নুরুজ্জামান সরকার, রুবেল, মিঠুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী বলেন, ‘মঙ্গলবার দুপুরে কয়েকজন ছেলে এসে বলল, ওই গ্রুপের ছেলে জাকির হোসেনকে মেরেছে, আমরাও হামলা করব। তখন আমি ওদের চলে যেতে বলেছি। তারপর শুনলাম, উপজেলার সামনে ওরা জমায়েত হওয়ার চেষ্টা করছে। তখন আমি পুলিশ নিয়ে উপজেলার সামনে ছিলাম। ফোনে মোজাম্মেল সাহেবকে আসতেও বললাম, কিন্তু আমরা যেখানে ছিলাম সেখানে আসার আগেই মোজাম্মেল হকের ওপর হামলা করা হয়েছে। এতে আমি লজ্জিতই হয়েছি।’ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লায়েব উদ্দিন বলেন, ছাত্রলীগের দ্বন্দ্বকে কেন্দ্র করে একতরফাভাবে হামলা করা হয়েছে।