ছাত্রলীগের ধর্মঘট নাটক! ভোগান্তিতে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রকৌশলীকে মারধরের অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে গতকাল রোববার সকালে ধর্মঘট পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। তবে সকাল ১০টার পর তাঁরা ধর্মঘট স্থগিত করার ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ছাড়া প্রধান ফটকে লাগাতার ছাত্র ধর্মঘটের ঘোষণা সংবলিত ব্যানার টানিয়ে দেন তাঁরা। প্রধান ফটকসহ ক্যাম্পাসের বেশ কিছু স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন এবং দফায় দফায় বিক্ষোভ মিছিল হয়। সকাল সাতটা থেকে ১০টা পর্যন্ত এ ধর্মঘট চলে। পরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। বিশ্বস্ত সূত্র জানায়, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে গত শনিবার রাতেই ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত হয়। কিন্তু বিষয়টি সাধারণ নেতা-কর্মীদের জানানো হয়নি। নেতা-কর্মীদের চাঙা রাখতেই এটি জানানো হয়নি। তবে ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান এ রকম সিদ্ধান্তের কথা অস্বীকার করে বলেন, ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহার করেছে। এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়কসহ সব যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে মামলা থাকলেও একজন যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে অভিযোগ ছিল না। অভিযোগ না থাকা ওই যুগ্ম আহ্বায়ক হচ্ছেন আতিকুর রহমান। তিনিই ছাত্রলীগের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন। গতকাল বিকেলে তিনি পদত্যাগ করেছেন বলে মুঠোফোনে এ প্রতিবেদককে জানিয়েছেন। এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামছুজ্জামান চৌধুরী বলেন, ‘আমি এ ধরনের কোনো পদত্যাগপত্র পাইনি।’ ছাত্রলীগের ধর্মঘটের কারণে সকালে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। সকালেই ধর্মঘট প্রত্যাহার করা হলেও দুপুর পর্যন্ত কোনো বাস চলাচল করেনি। এ কারণে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী শুভ্রা রানী কর বলেন, ‘আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল। পরীক্ষা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তায় ছিলাম। তাই নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে আসতে হয়েছে। এসে শুনি পরীক্ষা হবে না। বাস চলাচল না করায় আমার অনেক সহপাঠী ভোগান্তিতে পড়েছে।’সিলেট শহরের টিলাগড় এলাকায় থাকেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কাওসাইন আল হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের সেমিস্টারের একটি পরীক্ষা সকালে হওয়ার কথা ছিল। পরীক্ষা হওয়া না-হওয়া নিয়ে সংশয়ে ছিলাম। তাই ভোগান্তিতে পড়লেও যথাসময়ে পরীক্ষার হলে এসেছি। ধর্মঘটের কারণে পরীক্ষা হয়নি।’ শুধু শুভ্রা বা কাওসাইনই নন, এ রকম মন্তব্য বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থীর। প্রসঙ্গত, চাঁদা না পেয়ে মেসার্স মালিথা ট্রেডার্সের প্রকল্প প্রকৌশলীকে মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ অভিযোগে বৃহস্পতিবার রাতে সিলেটের জালালাবাদ থানায় ছাত্রলীগের আহ্বায়কসহ ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মালিথা ট্রেডার্সের কর্ণধার হাবিবুর রহমান মালিথা। আর মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে ক্যাম্পাসে গত বৃহস্পতিবার রাতে বিক্ষোভ সমাবেশ ও গতকাল রোববার ছাত্র ধর্মঘট পালন করে ছাত্রলীগ।