ছাত্রলীগের ধর্মঘটে ক্লাস-পরীক্ষা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় খুললেও ছাত্রলীগের ধর্মঘটের কারণে গতকাল শনিবার ক্লাস-পরীক্ষা হয়নি। তবে বেলা ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি প্রশাসনিক ও দুটি একাডেমিক ভবনের তালা ভেঙে প্রশাসনিক কার্যক্রম চালায়। ২৬ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে। তবে গতকাল ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল-সমাবেশ করতে দেয়নি পুলিশ।ক্যাম্পাস সূত্র জানায়, নয়জন ছাত্রের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগ গত ২৯ আগস্ট ধর্মঘট শুরু করে। ঈদুল ফিতরের ছুটির পর গতকাল বিশ্ববিদ্যালয় খোলা হয়। খোলার প্রথম দিনেই ছাত্রলীগের নেতা-কর্মীরা আবার ক্যাম্পাসের বিভিন্ন ভবনে তালা লাগিয়ে ধর্মঘট পালনের চেষ্টা চালান। তবে পুলিশের বাধায় তাঁরা পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে পারেননি। পুলিশ তাঁদের অবরোধ করে রাখে। বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদের পরিচালককে লাঞ্ছিত করার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৮ আগস্ট ছাত্রলীগের আহ্বায়ক কমলকান্তি মজুমদারসহ নয়জন নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও জরিমানা করে। এর প্রতিবাদে ২৯ আগস্ট থেকে ছাত্রলীগ লাগাতার ধর্মঘটের ডাক দেয়। গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে বহিষ্কার ও জরিমানা করা ছাত্রদের শাস্তি প্রত্যাহার ও উপাচার্যের পদত্যাগ দাবি করেন ছাত্রলীগের নেতারা। উপাচার্য নীতিশ চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসে স্বাভাবিক গতিতে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। আমরা আন্তর্জাতিক সেমিনার নিয়ে ব্যস্ত। ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এ সেমিনার চলবে। ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা শুরু হবে।’বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক বহিষ্কৃত ছাত্র কমলকান্তি মজুমদার হুমকি দিয়ে বলেন, ‘নয় ছাত্রের বহিষ্কারাদেশ নিঃশর্তভাবে প্রত্যাহার এবং উপাচার্যের পদ থেকে নীতিশ চন্দ্রকে সরে যাওয়ার সুনির্দিষ্ট ঘোষণা দিতে হবে। নইলে আন্তর্জাতিক সেমিনার আমরা ভণ্ডুল করে দেব।’