ছাত্রলীগের ধাওয়ার পর ক্যাম্পাসে ফিরে শিবিরের তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংঘর্ষ চলাকালে গতকাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গোলচত্বরে ভাঙচুর করা হয় কর্তৃপক্ষের ভাড়ায় চালিত বিআরটিসির এই বাসটিও। ছবি: প্রথম আলো
ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংঘর্ষ চলাকালে গতকাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গোলচত্বরে ভাঙচুর করা হয় কর্তৃপক্ষের ভাড়ায় চালিত বিআরটিসির এই বাসটিও। ছবি: প্রথম আলো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার হামলা ও ভাঙচুর মামলার আসামি ছাত্রশিবিরের দুই নেতা-কর্মীকে ছাত্রলীগের ধাওয়ার জের ধরে ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন শিবিরের নেতা-কর্মীরা। তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনসহ বিভিন্ন একাডেমিক ভবন ও গাড়ি ভাঙচুর করেন। শিবিরের নেতা-কর্মীদের হামলায় পুলিশের এক সদস্য আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পৌনে তিনটার দিকে একাডেমিক ভবন ‘ই’-এর সামনে চেতনা ’৭১ ভাস্কর্য ভাঙচুর ও মানববন্ধনে শিক্ষকদের ওপর হামলা-মামলার আসামি শিবিরকর্মী আবু ইউসুফ ও ক্যাম্পাস সভাপতি নাসিম আহমদকে দেখে ধাওয়া দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেলে আগুন দেন ছাত্রলীগের কর্মীরা। আধা ঘণ্টা পর শিবিরের ২০-২৫ জন নেতা-কর্মী লোহার রড, রামদা, ককটেল নিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা-কর্মীদের ধাওয়া করেন। এ সময় ছাত্রলীগের কর্মীরা পিছু হটেন। এরপর শিবিরের কর্মীরা ইংরেজি বিভাগের শিক্ষক সাহেদ আহমদের মোটরসাইকেল ও পরিসংখ্যান বিভাগের শিক্ষক জাকির হোসেনের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেন। তাঁরা প্রক্টরের কার্যালয়ের মূল ফটক, একাডেমিক ভবন ‘এ’-এর ভেতরে কম্পিউটার, বিশ্ববিদ্যালয়ের সাতটি বাস, দুটি মাইক্রোবাস, উপাচার্যের কার্যালয় ভবনের নিচতলাসহ বিভিন্ন ভবনে ব্যাপক ভাঙচুর চালান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিবিরের কর্মীদের ঢিলের আঘাতে পুলিশ কনস্টেবল বিল্লাল আহত হন। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘শিবিরের কর্মীদের ভাঙচুরের সময় পুলিশ শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ভাঙচুরকারীদের গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্ন ছাত্রাবাসে অভিযান শুরু করেছে।’
পুলিশ শিবিরের নেতা-কর্মীদের হটিয়ে দেওয়ার পর বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে কয়েক দফা মিছিল-সমাবেশ করেন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার দাস দাবি করেন, ‘নাশকতার প্রস্তুতিকালে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্রলীগ বিভিন্ন মামলার আসামি শিবির ক্যাডারদের প্রতিহত করেছে। শিবির ক্যাডাররা ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি হোসাইন আহমদের মুঠোফোনে কয়েক দফা চেষ্টা করেও বন্ধ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিলয় চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আজ এক কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। আজকের মতো এত ভাঙচুর, ক্ষয়ক্ষতি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আর হয়নি।’