রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দ্বিতীয় সম্মেলন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রাইসুল ইসলামকে সভাপতি ও তৌহিদুর রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিদায়ী আহ্বায়ক হারুন অর রশিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সহসভাপতি কাজী আনোয়ার হোসেন ও নুরন্নবী প্রধান প্রমুখ। এর আগে দুপুর ১২টায় কাউন্সিলের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সন্ধ্যায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে দ্বিতীয় অধিবেশন শেষে রাত আটটার দিকে নবগঠিত কমিটি সদস্যদের নাম ঘোষণা করেন এ এইচ এম খায়রুজ্জামান।