রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক নেতার অসুস্থতার কথা বলে হামলা চালিয়ে পরীক্ষা বন্ধ করে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ গতকাল রাতে অভিযুক্ত চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে৷
বিভাগ সূত্রে জানা যায়, পরীক্ষার সূচি অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে বিভাগের স্নাতকোত্তরের ৫০৫ নম্বর কোর্সের পরীক্ষা হওয়ার কথা ছিল। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গতকাল মঙ্গলবার ক্যাম্পাস বন্ধ থাকলেও দ্রুত পরীক্ষা শেষ করার জন্য বিভাগের একাডেমিক বৈঠকে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত দুই দিন আগেই বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়েও দেওয়া হয়। তবে ছাত্রলীগের নেতা ও বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মেহেদী হাসান অসুস্থতার কথা বলে পরীক্ষা পেছাতে অনুরোধ করেন। তবে এ বিষয়ে লিখিত কোনো আবেদন না করায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়৷
বিভাগের কয়েকজন শিক্ষার্থী জানান, গতকাল সকাল সাড়ে নয়টায় পরীক্ষা শুরুর কথা ছিল৷ সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি রানা চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও পরিবেশবিষয়ক সম্পাদক মুস্তাকিম বিল্লাহর নেতৃত্বে ১৫-২০ জন নেতা-কর্মী শহীদুল্লাহ কলা ভবনে গিয়ে পরীক্ষার জন্য নির্ধারিত ২০৪ নম্বর কক্ষে তালা ঝুলিয়ে দেন। এঁদের মধ্যে রানা ও মাহবুবুর পরীক্ষার্থী হলেও মুস্তাকিমসহ বেশ কয়েকজন বহিরাগত ছিলেন। এরপর ছাত্রলীগ নেতা-কর্মীরা চলে গেলে নির্ধারিত সময়ে তালা ভেঙে পরীক্ষা নেওয়া শুরু করেন বিভাগের শিক্ষকেরা। ওই শিক্ষাবর্ষে মাস্টার্সের ১০৯ জন শিক্ষার্থীর মধ্যে ২৫-৩০ জন পরীক্ষায় অংশ নিচ্ছিলেন৷ বাকিরা পরীক্ষায় অংশগ্রহণ না করে ভবনের সামনে অবস্থান করেন৷
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, প্রায় এক ঘণ্টা পরীক্ষা চলার পর সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা গিয়ে পরীক্ষা বন্ধ করতে শিক্ষকদের চাপ দেন৷ একপর্যায়ে কক্ষের একটি জানালার কাচ ভাঙচুর করেন তাঁরা৷ এ সময় কয়েকজন শিক্ষক বাধা দিতে গেলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও মতিহার থানার ওসি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷ রানা চৌধুরী বলেন, ‘আমাদের এক সহপাঠী বন্ধু অসুস্থ হওয়ায় বিভাগে এসে আমরা পরীক্ষা পেছানোর জন্য বলি। তবে আমরা ভাঙচুর করিনি।’ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, সহপাঠী অসুস্থ থাকায় অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে চায়নি। কিন্তু বিভাগের শিক্ষকেরা জোর করে পরীক্ষা নেন। শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানিয়েছে। এখানে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।
বিভাগের সভাপতি সৈয়দা নূরে কাছেদা খাতুন বলেন, ‘পরীক্ষার হলে ১৫-২০ জন উচ্ছৃঙ্খল শিক্ষার্থী হামলা চালায়। এ সময় তারা শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। শিক্ষকেরা বাধা দিলে তাঁদেরও ধাক্কা মেরে ফেলে দেয়। পরে বাধ্য হয়ে আমরা পরীক্ষা বন্ধ করে দিয়েছি।’