ছাত্রলীগের নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম আজম হত্যা মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল কবির ওরফে ডন সোহেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার গ্রেপ্তারের পর তাঁদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গতকাল শনিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সামনে আনা হয়। গোয়েন্দা পুলিশের ওসি গোলাম মাহফীজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে টাঙ্গাইল শহরতলির ঘারিন্দা এলাকা থেকে গোলাম আজম হত্যা মামলার প্রধান আসামি শাকিল কবির ও তাঁর বড় ভাই অপর আসামি শামীম কবির ওরফে রাসেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহূত একটি বিদেশি পিস্তল, চারটি গুলিসহ শহরের সাবালিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই চন্দন কুমার চক্রবর্তী জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনেও একটি মামলা করা হয়েছে।
শহরের রেলস্টেশন রোডে বাইপাস মোড়ে ১ এপ্রিল প্রকাশ্যে গোলাম আজমকে দুর্বৃত্তরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে। ঘটনার দিনই নিহত আজমের স্ত্রী গ্রেপ্তার দুজনসহ আটজনের নাম উল্লেখ করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।