জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২২ নেতা-কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত অন্যায় ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। তবে বিভিন্ন হলের সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করলেও শাস্তির প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা এ ঘটনার আগেও বিভিন্ন সময়ে সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গত ৫ এপ্রিল রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই দিন সন্ধ্যায় সিন্ডিকেটের জরুরি সভায় ১৭ জনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এরপর ঘটনার তদন্তে সহ-উপাচার্য (প্রশাসন) মো. ফরহাদ হোসেনকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি নির্দিষ্ট ৪৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন উপাচার্যের কাছে জমা দিলে প্রশাসন গত বৃহস্পতিবার সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্ঝর আলমকে দুই বছরের জন্য এবং সাংগঠনিক সম্পাদক এ কে এম শাহাদাৎ হোসেনসহ ছয়জনকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এ ছাড়া ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়।ছাত্রলীগের নেতা রাশেদুল ইসলাম ও নির্ঝর আলম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পছন্দের নেতা-কর্মীরা ছাত্রলীগের কমিটিতে পদ না পাওয়ায় তারা এই কমিটিকে মেনে নিতে পারেনি। প্রশাসন তার লক্ষ্য বাস্তবায়নের জন্য ২৩ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংস করে এ অন্যায় সিদ্ধান্ত নিয়েছে। ছাত্রলীগের নেতারা দাবি করেন, বহিষ্কৃত অনেকেই ঘটনার সঙ্গে জড়িত নন। তাঁরা কেন্দ্রীয় কমিটির সঙ্গে পরামর্শ করে সিন্ডিকেটের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করবেন।জানা যায়, গত ২০ এপ্রিল রাতে আ ফ ম কামাল উদ্দিন ও শহীদ সালাম-বরকত হলের ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত, ৩০টি কক্ষ ভাঙচুর ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনা তদন্তে প্রশাসন অধ্যাপক এস এম বদিয়ার রহমানকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে। তবে ওই ঘটনায় এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর গত ২৪ মে মওলানা ভাসানী হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি রাশেদ রেজা ও তাঁর কর্মীদের ওপর ঘুমন্ত অবস্থায় অতর্কিত হামলা চালান ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আজগর আলী পক্ষের নেতা-কর্মীরা। উপাচার্য সেদিন রাতেই সভা ডেকে আজগরকে তিন মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেন। আজগর সে সময় নিজেকে নির্দোষ দাবি করে প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রশাসন ঘটনা তদন্তে সহ-উপাচার্য (প্রশাসন) মো. ফরহাদ হোসেনকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করে। কিন্তু এ ব্যাপারে এখনো কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের একাধিক সাধারণ শিক্ষার্থী বলেন, ৫ এপ্রিলের বর্বরোচিত সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীদের বহিষ্কারের সিদ্ধান্ত প্রশংসার দাবিদার। তবে অনেক সময় প্রশাসন প্রভাবিত হয়ে আবার কখনো ঘটনার আকস্মিকতায় দ্রুত সিদ্ধান্ত নেয়, যার প্রভাব পড়ে শাস্তি পাওয়া নির্দোষ শিক্ষার্থীদের ওপর।শিক্ষার্থীরা প্রশাসনের দেওয়া শাস্তির প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলে বলেন, বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অপরাধে বিভিন্ন মেয়াদে বহিষ্কৃত ছাত্ররা নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশ নেন। এমনকি তাঁদের হলেও অবস্থান করতে দেখা যায়। ফলে বহিষ্কারের বিষয়টি নিছক লোক দেখানোয় পরিণত হয় বলে তাঁরা মন্তব্য করেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরজু মিয়া বলেন, বহিষ্কৃত ছাত্ররা কোনোভাবেই হলে ও বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে পারবেন না। এ ব্যাপারে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট-সচিব আবু বকর সিদ্দিক বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন এবং বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য কোনো উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি।