জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই সাংবাদিক ও এক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা-কর্মীদের বিচারের দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ‘শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ’র ব্যানারে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের শিক্ষক লাউঞ্জে গতকাল দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে বলা হয়, ৮ জুন রাতে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সহসাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামকে মারধর করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক মহিতোষ রায়ের নেতৃত্বে আট-নয়জন কর্মী এ মারধরে অংশ নেন। শফিকুল প্রশাসনের কাছে লিখিত আবেদন করলেও এখন পর্যন্ত দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা হয়নি। এর আগে ৫ জুন সন্ধ্যায় বিডিপ্রেস ডটনেটের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু রায়হানকে স্টাম্প দিয়ে পেটান ছাত্রলীগের কর্মী শরিফ হোসেন ওরফে লস্কর ও তাঁর সহযোগীরা। রায়হানও লিখিত অভিযোগ দিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই ঘটনার বিচার করেনি।
এ ছাড়া গত ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গি মোড়ে এক ছাত্রীকে নিপীড়ন করেন ছাত্রলীগের কর্মী মো. আবু সাদাত সায়েম। নিপীড়ককে নিবৃত্ত করতে গেলে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককেও লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় তিনি লিখিত অভিযোগ দিলেও কোনো বিচার হয়নি।
লিখিত বক্তব্যে এই তিন ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির পাশাপাশি গত বছর পয়লা বৈশাখে আদিবাসী এক ছাত্রীকে নিপীড়নের ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানানো হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের দুর্বল ও অস্পষ্ট শৃঙ্খলা অধ্যাদেশ হালনাগাদের দাবি জানানো হয়। আগামী ১৬ জুলাইয়ের মধ্যে দাবি আদায় না হলে ২১ জুলাই পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন। উপস্থিত ছিলেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন ও মো. শামছুল আলম, ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান প্রমুখ।