গাজীপুরের কাপাসিয়ায় যুবদলের নেতা সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। এতে ছাত্রলীগের ১৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৪-১৫ জনকে আসামি করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, কাপাসিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ও উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলামের (৩৮) লাশ ময়নাতদন্ত শেষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওই দিন রাতেই কাপাসিয়া থানায় মামলা করেন নিহতের বড় ভাই হারুন অর রশিদ।মামলায় আসামিদের মধ্যে কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও ছাত্রলীগ কর্মী আলমগীর হোসেন এবং জামাল মোড়ল, হুমায়ন, ফয়সাল ও হাফিজুলসহ সংগঠনের ১৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। তবে পুলিশ গতকাল শুক্রবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।এদিকে, হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল বিকেলে সমাবেশ করেছে গাজীপুর জেলা যুবদল। শহরে বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বশির উদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, জেলা বিএনপির সহসভাপতি আফজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মো. সোহরাব উদ্দিন, সাখাওয়াৎ হোসেন প্রমুখ।বক্তারা যুবদল নেতা সাইফুল হত্যার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।চার দলের ১২ মার্চের ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচির পূর্বপ্রস্তুতি হিসেবে গত মঙ্গলবার বিকেলে কাপাসিয়া ডিগ্রি কলেজ মাঠে ছাত্রদলের নেতা-কর্মীরা সমবেত হন। ছাত্রলীগের কর্মীরা সেখানে হামলা চালায়। এতে কমপক্ষে ১০ ছাত্রদল নেতা-কর্মী আহত হন। গুরুতর আহত যুবদল নেতা সাইফুল ইসলামকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সকালে তিনি মারা যান।