ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে টানা দুদিন সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষ। গত শনি ও রোববারের সংঘর্ষের পর গতকাল সোমবার ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতা-কর্মীদের বের করে দেয় পুলিশ।
এদিকে গতকাল চট্টগ্রাম কলেজ ও পাশের হাজী মুহাম্মদ মহসিন কলেজের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখে দুটি কলেজের কর্তৃপক্ষ। তবে কলেজ দুটিতে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা ও একাদশ শ্রেিণতে ভর্তি কার্যক্রম চলেছে। দুটি কলেজে আজ মঙ্গলবারও শ্রেিণ কার্যক্রম বন্ধ থাকবে। চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার ও হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অঞ্জন নন্দী শ্রেণি কার্যক্রম স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা প্রথম আলোকে বলেন, একাদশ শ্রেিণতে ভর্তির কার্যক্রম ও ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী, অভিভাবক এবং পরীক্ষার্থী ছাড়া কাউকে কলেজ ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না।
চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার বলেন, শনি ও রোববারের সংঘর্ষের ঘটনার তদন্তে কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ফেরদৌস আরা বেগমকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শনিবার দুপুরে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পরদিন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর সময় দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষের ঘটনা ঘটে। দুদিনের সংঘর্ষে সাতজন আহত হন। সংঘর্ষের সময় গুলির শব্দও শোনা যায়। ছাত্রলীগের এক পক্ষ চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা। অন্য পক্ষ বর্তমান মেয়রের অনুসারী।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় তাঁদের ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে বলে পুলিশ। কিন্তু তাঁরা ক্যাম্পাসে অবস্থান করার ব্যাপারে অনড় থাকেন। এ নিয়ে পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ ছাত্রলীগের নেতা-কর্মীদের ক্যাম্পাস ছেড়ে যেতে বাধ্য করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে পুলিশের কনস্টেবল জেশন চাকমা হাতে আঘাত পান। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে মেয়র নাছিরের অনুসারীরা কলেজের বাইরে অবস্থান করলেও ক্যাম্পাসে প্রবেশ করেননি।
চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের নেতা ও মহিউদ্দিন চৌধুরীর অনুসারী মাহমুদুল করিম প্রথম আলোকে বলেন, ‘সকালে ক্যাম্পাসে অবস্থান করার সময় চকবাজার থানার ওসি আজিজ আহমেদ এসে আমাদের বের হয়ে যেতে বলেন। আমরা থাকতে চাইলে তাঁর (আজিজ আহমেদ) নেতৃত্বে পুলিশ আমাদের লাঠিপেটা করে ক্যাম্পাস থেকে বের করে দেয়।’
তবে এ অভিযোগ অস্বীকার করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীদের কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার সময় তাঁদের ধাক্কায় একজন পুলিশ সদস্য হাতে আঘাত পান। কলেজের নিরাপত্তার জন্য দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত বছরের ১৬ ডিসেম্বর চট্টগ্রাম কলেজ শিবিরের নিয়ন্ত্রণমুক্ত করার পর থেকে মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। শনিবার সেখানে আ জ ম নাছির উদ্দীনের অনুসারীরা মিছিল করার চেষ্টা করেন। রোববারও তাঁরা কলেজে মিছিল করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।