নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপরজন। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করেছে। গতকাল শনিবার বিকেলে এশিয়ান হাইওয়ে সড়কের কোশাব এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, গতকাল বিকেলে উপজেলার কোশাব এলাকায় ভুলতাগামী রয়েল সিমেন্টের মালবাহী ট্রাক ও একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক উপজেলার মুশুরী এলাকার তারা মিয়ার ছেলে গাফফার (২৮) নিহত হন। গাফফার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বলে স্থানীয় লোকজন জানিয়েছে। অপর আরোহী ছাত্রলীগের কর্মী মাছুমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার জের ধরে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ঘাতক ট্রাকটি আটক করে অগ্নিসংযোগ করে। এশিয়ান হাইওয়ে সড়ক আধা ঘণ্টা অবরোধ করে বিক্ষুব্ধ লোকজন।