ছাত্রলীগের নেতা ফারুক হত্যা মামলায় আরও ছয়জন গ্রেপ্তার
ছাত্রলীগের নেতা এ বি এম ফারুক হত্যায় জড়িত থাকার অভিযোগে আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত শুক্রবার মধ্যরাতে রাজধানী ও সাভার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।র্যাব সূত্র জানায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা জানতে পারেন, ফারুক হত্যায় জড়িতরা কাফরুল থানার কচুক্ষেত এলাকায় অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে র্যাব-৪-এর একটি গোয়েন্দা দল সেখানে গিয়ে দুজনকে শনাক্ত করে তাদের অনুসরণ করতে থাকে। সন্দেহভাজন ব্যক্তিরা গাবতলী থেকে সাভারের বাসে ওঠার পর বলিয়ারপুর বাসস্ট্যান্ডে নামে। তখন তাদের সঙ্গে আরও একজন যোগ দেয়। এ সময় র্যাবের সদস্যরা সুমন (২২), আলী আকবর (২০) ও জাহিদ হোসেন (২২) নামের তিনজনকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে তাঁরা অন্য খুনিদের সম্ভাব্য অবস্থানের খবর ফাঁস করে দেন। এরপর র্যাব-৪-এর একাধিক দল রাত তিনটার সময় ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকায় বেসরকারি সুরভী হাসপাতালের পাশে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। র্যাব তাঁদের পিছু ধাওয়া করে মাইনুল ইসলাম (৩২), মোহন মিয়া (২৪) ও আবুল হাসনাতকে (২৮) গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে একটি রিভলবার ও ১৩টি তাজা গুলি পাওয়া যায়। আসামিদের তাড়া করতে গিয়ে র্যাবের সদস্য আবদুল হক আহত হন। এর আগে ১২ ফেব্রুয়ারি রাতে শাহাদত হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাব সাতজনকে গ্রেপ্তার করল। র্যাব-৪-এর উপ-পরিচালক সারোয়ার আলম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া মাইনুল গুলি চালিয়ে ফারুককে হত্যা করার কথা স্বীকার করেছেন। গতকাল বিকেলে মাইনুলসহ ছয়জনকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।এদিকে ডিবির হাতে গ্রেপ্তার হওয়া শাকুর, এনায়েত ও আবু তালেবের পাঁচ দিনের রিমান্ড শেষে আজ রোববার ডিবি মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে দ্বিতীয় দফা রিমান্ডের আবেদন জানাবে। একই সঙ্গে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ছয়জনকে রিমান্ডে এনে তাঁদের মুখোমুখি করা হবে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে।মামলার তদারককারী কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মোল্লা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে তিনজনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তদন্তে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গত শুক্রবার রাতে মানিকদীর আদর্শ বিদ্যানিকেতনের মাঠে সন্ত্রাসীরা ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের সভাপতি এ বি এম ফারুককে গুলি করে হত্যা করে।