ছাত্রলীগের নেতা ফারুক হত্যা মামলায় গ্রেপ্তার নয়জন কারাগারে
ছাত্রলীগের নেতা এ বি এম ফারুক হত্যা মামলায় গ্রেপ্তার আবদুস শাকুর, এনায়েত হোসেন ও আবু তালেবকে পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল রোববার কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গ্রেপ্তার ছয়জনকেও গতকাল কারাগারে পাঠানো হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সূত্র জানায়, র্যাবের হাতে গ্রেপ্তার ছয়জনকে গত শনিবার রাতে ক্যান্টনমেন্ট থানায় সোপর্দ করা হয়। গতকাল এদের মধ্যে থেকে সুমন সরদার, আলী আকবর ও জাহিদকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠায় ডিবি। একই সঙ্গে পাঁচ দিনের রিমান্ড শেষে শাকুর, এনায়েত ও তালেবকে দ্বিতীয় দফা ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। এ ছাড়া ক্যান্টনমেন্ট থানায় সোপর্দ করা মাইনুল ইসলাম, মোহন মিয়া ও আবুল হাসনাতকে ফারুক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেককে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। আগামীকাল মঙ্গলবার শুনানির দিন ধার্য করে আদালত নয়জনকে কারাগারে পাঠিয়ে দেন। গত শুক্রবার রাতে মানিকদীর আদর্শ বিদ্যানিকেতনের মাঠে সন্ত্রাসীরা ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের সভাপতি এ বি এম ফারুককে গুলি করে হত্যা করে।