ছাত্রলীগের নেতা বলে কথা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী ট্রাফিক পুলিশের এক সার্জেন্টকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সার্জেন্টকে অকথ্য ভাষায় গালাগাল করেছেন একই কমিটির সদস্য মো. রুবেল। গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ওই ঘটনা ঘটে।

ছাত্রলীগের নেতা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সার্জেন্টকে লাঞ্ছিত করার মতো কোনো ঘটনা ঘটেনি। দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হওয়ার সময় আমি তাদের শান্ত করার চেষ্টা করি। এ সময় ট্রাফিক সার্জেন্টের সঙ্গে আমার ধাক্কা লাগে।’

ট্রাফিক পুলিশের সদস্য ও প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তি জানান, গতকাল বেলা দুইটার দিকে মোটরসাইকেলে করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ট্রাফিক বক্সের সামনে দিয়ে যাচ্ছিলেন ছাত্রলীগের নেতা রুবেল ও তাঁর দুই বন্ধু। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন রুবেলের এক বন্ধু। এ সময় সার্জেন্ট মো. কামরুজ্জামান মোটরসাইকেলটি থামার সংকেত দেন। মোটরসাইকেলটি থামানোর পর সার্জেন্টের ওপর ক্ষিপ্ত হন রুবেল। এ সময় আরেকটি মোটরসাইকেলে করে ছাত্রলীগের নেতা রফিকুল এসে সার্জেন্টের ওপর চড়াও হন।

সার্জেন্ট কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘মোটরসাইকেলের কাগজপত্র ঠিক আছে কি না, দেখতে থামার সংকেত দিই। কিন্তু রুবেল আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এর কিছুক্ষণ পরই রফিকুল এসে ক্ষিপ্ত হয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন।’ এ ব্যাপারে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগ অস্বীকার করে রুবেল পাল্টা অভিযোগ করে বলেন, ‘মোটরসাইকেলের কাগজপত্র দেখার বদলে ওই ট্রাফিক কর্মকর্তা আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ কারণে তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তাঁকে শারীরিক লাঞ্ছনা করা হয়নি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাইনি। পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।