ছাত্রলীগের নেতা বহিষ্কার
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখায় হামলা চালিয়ে মূল্যবান কাগজপত্র তছনছ এবং কিছু কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগে ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি হাদিউজ্জামান ওরফে হাদিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার রাতে তাঁকে বহিষ্কার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার কর্মকর্তা জিয়াউল হক জানান, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ২৩ জন কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া চলছে। ছাত্রলীগের নেতা হাদিউজ্জামানেরও একজন প্রার্থী ছিলেন। কিন্তু তাঁর আবেদন বিধিসম্মত না হওয়ায় তা বাতিল করে দেয় বাছাই কমিটি। এতে ক্ষুব্ধ হয়ে গত বুধবার হাদিউজ্জামানের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী সংস্থাপন কার্যালয়ে ওই হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সংস্থাপন শাখায় ছাত্রলীগের হামলা, কাগজপত্র লুট’ শিরোনামে গত বৃহস্পতিবার প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হওয়ার পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি অভিযুক্ত হাদিউজ্জামানকে বহিষ্কার করেন। মুঠোফোনে বদিউজ্জামান বলেন, ‘শুধু বহিষ্কার নয়, ওই নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।’