ছাত্রলীগের নেতা মুক্ত, পরীক্ষা শুরুর আশায় শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তারের ১৪২ দিন পর গতকাল রোববার দুপুরে মুক্তি পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সভাপতি ও লোকপ্রশাসনের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ইলিয়াস হোসেন ওরফে সবুজ। বেলা দুইটায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান।
ছাত্রলীগের বহুল আলোচিত ওই নেতার কারণে লোকপ্রশাসন স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা বন্ধ রেখেছেন তাঁর অনুসারীরা। তাঁর মুক্তির ফলে ওই বিভাগের পরীক্ষা শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওই বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থীরা। গত ২৬ আগস্ট ওই বিভাগের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
গতকাল কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনে তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহীসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর তাঁকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে যান সংগঠনের কর্মীরা। সেখানে তাঁরা ইলিয়াসকে নিয়ে মিছিল করেন।
জানতে চাইলে ইলিয়াস হোসেন বলেন, ‘আমার হাতে অস্ত্র তুলে দিয়ে অসত্য মামলা দেওয়া হয়। ওই মামলায় আমাকে ১৪২ দিন কারাগারে থাকতে হয়েছে। আমার জন্য লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দেননি। শিক্ষার্থীদের এমন ভালোবাসার প্রতিদান দেওয়ার কোনো সামর্থ্য নেই। এখন আমরা সবাই মিলে পরীক্ষা দেব।’
লোকপ্রশাসন বিভাগের অন্তত দুজন শিক্ষক বলেন, গত ২৬ আগস্ট বেলা একটা ৩০ মিনিটে সামাজিক বিজ্ঞান ভবনের ৩০৭ নম্বর কক্ষে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। যথাসময়ে পরীক্ষা নেওয়ার জন্য দুই শিক্ষক পরীক্ষাকক্ষে হাজির হন। ওই সময় পরীক্ষাকক্ষ ছিল ফাঁকা। পরে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানিয়েছেন, ছাত্রলীগের নেতা ইলিয়াস মুক্তি না পাওয়া পর্যন্ত পরীক্ষায় অংশ নিতে তাঁর অনুসারীরা বারণ করে দিয়েছেন। এতে ভয়ে তাঁরা পরীক্ষাকক্ষে হাজির হননি।
গত ২৪ এপ্রিল বেলা ১১টায় কুমিল্লার কোটবাড়ী ময়নামতি শালবন বিহার এলাকার একটি পিকনিক স্পট ঘেরাও করে ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। তাঁকে একটি বিদেশি রিভলবার, দুটি গুলি, একটি ম্যাগাজিনসহ গ্রেপ্তারের অভিযোগ রয়েছে র্যা ব-১১-এর বিরুদ্ধে। র্যা বের দায়ের করা ওই মামলায় ইলিয়াস কারাগারে ছিলেন।