সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের কর্মী কাজী হাবিবুর রহমান (২২) হত্যা মামলার প্রধান আসামি হোসাইন মোহাম্মদ সাগরসহ ছাত্রলীগের আটজন নেতা-কর্মীকে গতকাল বুধবার কারাগারে পাঠিয়েছেন আদালত।
ওই আট আসামি হলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সভাপতি হোসাইন মোহাম্মদ সাগর, ছাত্রলীগের কর্মী আবদুল আউয়াল, সাইফুর রহমান, নয়ন রায়, আশিক উদ্দিন, আলাউর খান, শোয়াইব আহমদ ও ময়নুল ইসলাম।
মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদ জানান, আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে আটজনকে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার পর প্রায় আড়াই মাস পলাতক থেকে গতকাল দুপুরে সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিমের আদালতে তাঁরা আত্মসমর্পণ করেন। আদালতে তাঁদের পক্ষের আইনজীবীরা জামিনের প্রার্থনা করলে মুখ্য বিচারক হাকিম সাইফুজ্জামান হিরো তা নাকচ করে দিয়ে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।