ছাত্রলীগের নেতাকে আটক করায় মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদককে আটক করায় বিশ্ববিদ্যালয়সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন সংগঠনটির নেতা-কর্মীরা। গতকাল রোববার বেলা আড়াইটা থেকে তিনটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সাভার সিটি সেন্টারের একটি জুতার দোকানে কেনাকাটা করার সময় বিক্রেতাদের সঙ্গে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন কুণ্ডুর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে বিক্রেতারা মুঠোফোনে ঘটনাটি দোকানমালিক মো. জালাল উদ্দিনকে জানান।
এরপর জালাল ঘটনাটি সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) শফিকুল ইসলামকে জানালে তিনি ওই দোকানে উপস্থিত হন। সেখানে এএসপির সঙ্গে মিঠুনের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মিঠুনকে আটক করে থানায় নিয়ে যান এএসপি।
আটকের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের দুই পাশে বেশ কিছু গাড়ি আটকা পড়ে। আধা ঘণ্টা পর মিঠুন ছাত্রলীগের নেতাদের ফোনে জানান, ঝামেলা মিটে গেছে। এরপর তাঁরা অবরোধ তুলে নেন।
মিঠুন কুণ্ডু বলেন, ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে সমঝোতা হয়ে গেছে। দোকানমালিকও একই কথা বলেন।
এএসপি বলেন, থানায় দুই পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমঝোতা করা হয়।