ছাত্রলীগের নেতাকে কুপিয়ে হত্যা করল জামায়াত-শিবির!
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খলিলুর রহমান নামে ছাত্রলীগের এক নেতা খুন হয়েছেন। জামায়াত-শিবিরের একদল কর্মী তাঁকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। খলিলুর ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল শাখার সভাপতি। তিনি সম্প্রতি পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগ পান। আগামীকাল শনিবার প্রশিক্ষণে যোগ দেওয়ার কথা ছিল।
এই হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জের অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করা হয়।
খলিলুরের (২৪) বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া গ্রামে। চার-পাঁচ দিন আগে তিনি বিশ্ববিদ্যালয় থেকে গ্রামের বাড়ি আসেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, খলিলুর গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ডোমেরহাট বাজারের একটি সেলুনে চুল কাটাচ্ছিলেন। একপর্যায়ে জামায়াত-শিবিরের একদল কর্মী রামদা ও হকিস্টিক হাতে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যান। পরে খলিলুরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
খলিলুর এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। খলিলুরকে কুপিয়ে হত্যার খবর ছড়িয়ে পড়লে ডোমেরহাট এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ আত্মীয়স্বজন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় কর্মীরা বাজারের প্রায় ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন প্রথম আলোকে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, জামায়াত-শিবিরের হামলায় খলিলুর নিহত হন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার আলী খান রাত আটটার দিকে জানান, এখনো মামলা হয়নি।
এদিকে খলিলুর হত্যাকাণ্ডের খবর পেয়ে রাত নয়টার দিকে ছাত্রলীগের রাজশাহী বিশ্ববদ্যালয় শাখার নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসের কাছে বিনোদপুর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে।
এ ঘটনার নিন্দা জানিয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মিজানুর রহমান জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।