ছাত্রলীগের নেতাকে কুপিয়ে জখম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি মৌলভীবাজার এলাকায় ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। গত রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। জামায়াত-শিবিরের কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সন্ত্রাসীদের হামলায় আহত মোক্তার হোসেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
স্থানীয় সূত্র জানায়, রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি চায়ের দোকানে গেলে ওত পেতে থাকা সন্ত্রাসীরা মোক্তারকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মোক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাহরিয়ার জানান, মোক্তারের মাথার আঘাত গুরুতর।
মোক্তারের চাচা আবুল কালামের অভিযোগ, ‘জামায়াত-শিবিরের চিহ্নিত সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।’ তিনি বলেন, উপজেলা পরিষদের নির্বাচনে জামায়াত-সমর্থিত প্রার্থীর বিপক্ষে কাজ করায় মোক্তারের ওপর এ হামলা চালানো হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান বলেন, ‘জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’