রাজশাহীর চারঘাটে কেন্দ্র দখলের অভিযোগে একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। অপর একটি কেন্দ্রে ছাত্রলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। এদিকে, দুর্গাপুর উপজেলায় বিচ্ছিন্ন সংঘর্ষে ১১ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চারঘাটের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থকেরা বেলা দুইটার দিকে বিএনপি-সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেন। তাঁরা পোলিং এজেন্টদের কাছ থেকে চেয়ারম্যান পদপ্রার্থীর ব্যালট ছিনিয়ে নিয়ে পাঁচটি কক্ষে ভোট দিতে ঢুকে পড়েন। বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁরা একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। পিসাইডিং কর্মকর্তা এ কে এম ফজলুল বারি বলেন, এ কেন্দ্রে মোট ভোট এক হাজার ৫৮৪। দুইটা নাগাদ শান্তিপূর্ণ পরিবেশে প্রায় ৯০০ ভোট পড়ে। দুইটা ১০ মিনিটের সময় তাঁরা পাঁচটি কক্ষ দখল করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলে তাঁরা পালিয়ে যান। কিন্তু সঠিকভাবে ভোট গণনার পরিবেশ না থাকায় তিনি ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন।
বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হকের নেতৃত্বে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ফখরুল ইসলামের সমর্থকেরা চারঘাটে পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র দখলের চেষ্টা করেন। এ সময় বিএনপি-সমর্থিত প্রার্থী আবু সাঈদ চাঁদের সমর্থকেরা বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে। বিএনপির সমর্থকেরা একরামুল হককে কুপিয়ে জখম করেন। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্গাপুর উপজেলায় বিচ্ছিন্ন সংঘর্ষে আহত ১১ ব্যক্তিকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম সাকলায়েন বলেন, তাঁর সমর্থকদের ভোট দিতে বাধা ও মারধর করা হয়েছে।