ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে এক কলেজছাত্রীকে ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত ও আসামি ছাত্রলীগের নেতা আহম্মেদ রুবেলকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। গতকাল বুধবার সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধনে মানবাধিকার উন্নয়নকেন্দ্র, বাংলাদেশ মহিলা পরিষদ, এনজিও সমন্বয় পরিষদ ও উপজেলা শিশু সুরক্ষা মনিটরিং কমিটির নেতা-কর্মীসহ কলেজছাত্রীর পরিবার ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। আসামি রুবেল সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। মানববন্ধনে কলেজছাত্রীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রুবেল মামলা তুলে নিতে তাঁদের নানাভাবে চাপ দিচ্ছেন। না হয় হত্যা করার হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে পুলিশকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালি আশরাফ খান প্রথম আলোর কাছে দাবি করে বলেন, ‘রুবেলকে খুঁজে পাচ্ছি না। পেলেই গ্রেপ্তার করা হবে। হুমকির ব্যাপারে কলেজছাত্রীর পরিবার কোনো অভিযোগ করেনি।’