ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানাঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাই উপজেলা ছাত্রলীগের একাংশের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদে জোরারগঞ্জ থানা ঘেরাও করেছেন বারইয়ারহাট পৌরসভা ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে ছাত্রলীগের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।

এ সময় তাঁরা বিক্ষোভ সমাবেশও করেন। সমাবেশে বক্তব্য দেন বারইয়ারহাট পৌর যুবলীগের নেতা কল্যাণ রায়, বারইয়ারহাট কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ঝুমুর পালিত, মো. সেলিম, হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক মো. মাসুক প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রী মহলের প্রতিহিংসার শিকার ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন। তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানান তাঁরা। পরে বারইয়ারহাট পৌর মেয়র আবু তাহের ভূঁইয়া গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা থানা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেন।

তবে থানা ঘেরাও কর্মসূচিকালে ছাত্রলীগের নেতা-কর্মীকে কোনো পুলিশকে বাধা দিতে দেখা যায়নি। এমনকি কোনো পুলিশ থানা থেকেও বের হয়নি।

গত ১৯ জুন উপজেলা ছাত্রলীগের একাংশের যুগ্ন সম্পাদক নাজিম উদ্দিনকে ছিনতাই মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করে জোরারগঞ্জ থানা পুলিশ।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান থানার ঘেরাওয়ের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি থানায় ছিলাম না। তবে দায়িত্বরত কর্মকর্তার কাছ থেকে শুনেছি, ছাত্রলীগের নেতা-কর্মীরা থানা প্রাঙ্গণে নাজিম উদ্দিনের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছেন।