ছাত্রলীগের নেতাকে ছাড়ার পর অবরোধ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের অভিযোগে মামলা হওয়ার পরও রাজশাহীর চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হককে ছেড়ে দিয়েছে পুলিশ। একরামুলকে ছাড়ার পর ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বুধবার রাতেই বাঘা-রাজশাহী সড়ক থেকে অবরোধ তুলে নেন। তবে এ মামলার অপর পাঁচ আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।বাঘা উপজেলার বিনোদপুর এলাকার আম ব্যবসায়ী হাসান আলীকে অপহরণের অভিযোগে তাঁর বাবা ইসলাম মণ্ডল থানায় মামলাটি করেন।বাঘা থানার ওসি আলী আহাম্মেদ হাশমী বলেন, ‘থানার ওসির হাতে সিআরপিসির ৪৯৭ ধারা বলে কিছু ক্ষমতা দেওয়া আছে। সেই ক্ষমতা ব্যবহার করে ওসি অসুস্থ ব্যক্তিকে জামিন দিতে পারেন। একরামুল যেহেতু অসুস্থবোধ করছিলেন, তাই তাঁকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।’ ব্যবসায়ী হাসান আলীকে অপহরণের অভিযোগে ছাত্রলীগের নেতা একরামুল, পৌর কাউন্সিলর বুলবুল আহামেদ ও তাঁর ভাই টিটন হোসেন এবং তাঁদের সহযোগী মতিউর রহমান, জাহাঙ্গীর আলম ও মাসুদ রানাকে গত বুধবার আটক করে র‌্যাব। পরে বুলবুলের স্বীকারোক্তি অনুযায়ী হাসান আলীকে উদ্ধার করা হয়। দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে হাসান আলীকে আসামিরা অপহরণ করছিলেন বলে অভিযোগ উঠেছে।একরামুলের মুক্তির দাবিতে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এদিন বিকেলেই বাঘা-রাজশাহী সড়কের চারঘাট এলাকা অবরোধ করেন। পুলিশ অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করলে নেতা-কর্মীরা গাড়ি ভাঙচুর শুরু করেন। এ অবস্থায় রাত ১২টার দিকে র‌্যাব আটক ছয়জনকে বাঘা থানায় সোপর্দ করে।