ছাত্রলীগের নেতাকে না জানিয়ে কাজ শুরু করায় ঠিকাদার লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় একটি সড়ক নির্মাণের কাজ স্থানীয় এক ছাত্রলীগের নেতাকে না জানিয়ে শুরু করায় ঠিকাদার শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। ঘটনার পর ঠিকাদার সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জানা গেছে, জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কের সাচনাবাজার পার্শ্ববর্তী এলাকায় আড়াই কোটি টাকা ব্যয়ে নতুনভাবে সড়ক নির্মাণের কাজ সম্প্রতি শুরু করে এলএন কনস্ট্রাকশন নামের একটি নির্মাণপ্রতিষ্ঠান। এলএন কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী পার্থ সারথি জানান, কাজ পাওয়ার পর তাঁর ব্যবসায়িক অংশীদার বশির আহমদকে ফোন করে জানানো হয়, কাজ শুরুর আগে যেন উপজেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক আনসার আলী টুকুকে জানানো হয়। কিন্তু তিনি সেটি করেননি। গত বৃহস্পতিবার বিকেলে সড়কের সাচনাবাজার উচ্চবিদ্যালয় পার্শ্ববর্তী এলাকায় মাটি তোলার কাজ চলাকালে কয়েকজনকে সঙ্গে নিয়ে আসেন আনসার আলী। আনসার এসেই তাঁকে না জানিয়ে কাজ শুরু করার জন্য পার্থকে অশ্লীল ভাষায় গালাগাল শুরু করেন। পার্থ সারথি বলেন, ‘আনসার আমাকে সরাসরি না বললেও বুঝিয়েছেন, এখানে কাজ করতে হলে তাদের চাঁদা দিতে হবে। আমি পুরো বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’ আনসার আলী অবশ্য মারধরের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ঠিকাদার সাচনাবাজার হাইস্কুলের প্রতিরক্ষা দেয়ালের পাশ থেকে মাটি তোলায় বাধা দিয়েছি। এ সময় ঠিকাদার ও তাঁদের লোকজন খারাপ আচরণ করায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।’ জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খান বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের নেতারা বিষয়টি আপস-নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন। নিষ্পত্তি না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল-আজাদ বলেছেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আসল উদ্দেশ্য কী, সেটা সবাই জানে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’