ছাত্রলীগের নেতাকে পুলিশি পাহারায় ঢাকায় স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি আখেরুজ্জামান ওরফে তাকিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশি পাহারায় তাঁকে রাজধানীতে পাঠানো হয়। তাঁর ওপর হামলার ঘটনায় গতকাল ছাত্রশিবিরের ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।এর আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ছিলেন আখেরুজ্জামান। আইসিইউর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক গোলাম মোস্তফা গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আখেরুজ্জামান মাথায়ও আঘাত পেয়েছেন। সিটিস্ক্যান করা হয়েছে। অস্ত্রোপচারেরও প্রয়োজন হতে পারে। তাঁর এখনো চেতনা ফেরেনি। সামান্য উন্নতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।’আখেরুজ্জামানের বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। খবর পেয়ে তাঁর ভাই ওয়ালিউল ইসলাম গতকাল দুপুরে রাজশাহীতে আসেন। তিনি বলেন, ‘ভাইয়ের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছে।’সন্ধ্যা ছয়টার দিকে আখেরুজ্জামানকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হয়। অ্যাম্বুলেন্সের আগে ছিল রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) একটি গাড়ি।পুলিশি পাহারায় ঢাকায় পাঠানোর ব্যাপারে আরএমপির কমিশনার এস এম মনির-উজ-জামান বলেন, ‘সে (আখেরুজ্জামান) তো এখন মুমূর্ষু। তার ওপর হামলাকারীরা পথে ঝামেলা করতে পারে। এ জন্য নিরাপত্তা দরকার। তা ছাড়া সে কথা বলতে না পারলে হামলাকারীদের ব্যাপারে তথ্য পাওয়া যাবে না। সব মিলিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে।’গত বুধবার রাত আটটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের সামনে সন্ত্রাসীরা আখেরুজ্জামানকে কুপিয়ে জখম করে ও তাঁর বাঁ পায়ের রগ কেটে দেয়।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হুসাইন জানান, আখেরুজ্জামানের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক শাহাবুর ছাত্রশিবিরের ১৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মতিহার থানায় মামলা করেছেন।চারজন গ্রেপ্তার: আখেরুজ্জামানের ওপর হামলার পর বুধবার রাতেই নগরের বোয়ালিয়া থানার পুলিশ রাজশাহী কলেজে অভিযান চালিয়ে দুজন ও পার্শ্ববর্তী এলাকা থেকে দুজনকে আটক করে। তাঁদের মধ্যে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর কমিটির শুরা সদস্য আবদুল মালেক রয়েছেন। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘ওই চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল (শুক্রবার) আদালতে সোপর্দ করা হবে।’বহিষ্কারাদেশ প্রত্যাহার: আখেরুজ্জামানসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বহিষ্কৃত আট নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গতকাল সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক বিগত সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যেসব নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছিল, তাঁদের সবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন: সহসভাপতি আখেরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল হোসেন ওরফে তুহিন, বঙ্গবন্ধু হলের আহ্বায়ক শাহ মো. সেলিম, ছাত্রলীগের কর্মী তারিকুল ইসলাম, আলামিন, মাদার বক্স হলের আহ্বায়ক রুহুল আমিন, বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আওয়াল কবির ও সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম।